মাগুড়ার লাঙ্গলবাঁধ বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১০টি পাটের গুদাম ঘর। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মাগুড়ার শ্রীপুর থানার লাঙ্গলবাঁধ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, লাঙ্গলবাঁধ বাজারের পাট ব্যবসায়ী নুরুল ইসলাম, পলাশ, বিল্লাল, মামুন, আলম খান, শহিদুল ইসলাম ফারুক মণ্ডল, বিমল কুন্ডু ও হালিম বিশ্বাসের গুদাম ঘরে আগুন লাগে। এ আগুনে পুড়ে যায় প্রায় সাড়ে ছয় হাজার মণ পাট। এতে আনুমানিক দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পাটের গুদামে কিভাবে আগুন লেগেছে, নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পাট ব্যবসায়ী জানান, ‘গুদাম-সংলগ্ন সুদির লালের বাড়ির চুলা থেকে এ আগুন লাগতে পারে। বাজারে পাটের গুদামে আগুন লাগার সংবাদ পেয়ে শৈলকুপা ও শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’
ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, ‘আমি রাত ১টার দিকে পাটের গুদামে আগুন লাগার খবর পাই। এ আগুনে ১০টি গুদামে দুই কোটিরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।’
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের শৈলকুপার দায়িত্বরত কর্মকর্তা সঞ্জয় ও মাগুরা জেলার দায়িত্বরত কর্মকর্তা মো: আলি সাজ্জাদ বলেন, ‘আগুনে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুদামের পাশের বাড়ির চুলা থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।’



