কুমিল্লার দেবিদ্বারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দু`জন নিহত হয়েছেন। মারাত্মক আহত অন্য আরেকজনকে
কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ব্রাক্ষণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের লাড়চৌ গ্রামের মুদি মাল ব্যবসায়ী মো: শরিফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (১৭), দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের পশ্চিম পোমকাড়া গ্রামের আব্দুল মতিন টেইলারের ছেলে ইরফান (১৫)।
আহত জীবন চন্দ্র দাস (১৮) দেবিদ্বার উপজেলার মোগসাইর গ্রামের দুলাল চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী তিন বন্ধু দেবিদ্বার থেকে বাড়ি ফেরার পথে একটি চলন্ত অটোরিক্সাকে ওভারটেক করে যাওয়ার সময় সিলেটগামী ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আরিফুল নিহত হন। অন্য দু`জনকে আহত অবস্থায় কুমেক হাসপাতালে নেয়ার পথে ইরফান নামে আরেকজন মারা যান। জীবন চন্দ্র দাসের অবস্থাও আশঙ্কাজনক বলে তার স্বজনরা জানিয়েছেন।
মীরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম জানান, বিকেল ৩টায় দেবিদ্বার সদরে একটি ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে দু`জন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। ট্রাকচালককে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।



