মাল্টা চাষে সফলতার পর এবার রাম্বুটান চাষ করে স্বপ্ন দেখছে কৃষক মাজহারুল। বিদেশী সুস্বাদু এ ফলটি বাংলাদেশে বেশ জনপ্রিয়। বাজারে রয়েছে এর ব্যাপক চাহিদা। বর্তমান বাজারে এটি ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে রাম্বুটান আবাদ শুরু হয়েছে। তবে হালুয়াঘাটে রাম্বুটান চাষ এটিই প্রথম।
রাম্বুটান মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ফল। তবে থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম ও শ্রীলঙ্কায় প্রচুর রাম্বুটান উৎপাদন হয়ে থাকে। এটি খেতে অনেকটা লিচুর মতো। এ ফলটির ওষুধি গুণও রয়েছে। প্রায় ১০ বছর ধরে কৃষক মাজহারুল হালুয়াঘাট উপজেলার কড়ইতলী গ্রামে সৌদি খেজুর, মাল্টা, দেশী-বিদেশী জাতের আম, পেঁয়ারা, মধু, ড্রাগনসহ নানা জাতের ফলমূল আবাদ করে আসছিলেন। মাল্টা চাষে তিনি সফলতা অর্জন করেছেন। আয় করেছেন অনেক টাকা।
কৃষক মাজহারুল ইসলাম জানান, কীটনাশক ছাড়া আবাদ করার কারণে তার মাল্টার বাগানটি অজানা রোগে আক্রান্ত হয়ে ফলন কমে যায়। তিনি মাল্টাগাছ কেটে রাম্বুটান চাষের উদ্যোগ নেন। দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে রাম্বুটানের চারা সংগ্রহ করে তিনি এখন প্রায় ছয় বিঘা জমিতে আড়াইশ’ রাম্বুটানের চারা রোপণ করেছেন। আর কিছুদিন গেলেই ফুল আসবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান জানান, হালুয়াঘাট উপজেলায় মাজহারুল প্রথম মাল্টা চাষ করে সফলতা পেয়েছেন। আমরা তাকে এ ফলটি উৎপাদনের প্রক্রিয়া, সংরক্ষণ পদ্ধতি, চাষাবাদ সম্পর্কে পরামর্শ দিয়ে সহযোগিতা করছি।