ভারতীয় সীমান্তঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শীতের তীব্রতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার সকালে এ উপজেলায় সর্বনিম্ন ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে পথ-প্রান্তর। হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে হয় যানবাহনকে। এরপরো শীত উপেক্ষা করে কাজের সন্ধানে যেতে হয় শ্রমজীবী মানুষকে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে আছে শিশু ও বয়স্করা। তাই শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে হাসপাতালে।

উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের ভ্যানচালক ছপুর উদ্দিন জানান, শীত-কুয়াশা যতই থাক পেটের দায়ে আমাদেরকে কাজে যেতেই হয়। তাই শীত-কুয়াশা ঠেলে কাজে বেরিয়েছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা জানান, শীত বাড়লেও শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা স্বাভাবিক রয়েছে। এছাড়া শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সেবা দেয়ার মতো পর্যাপ্ত ওষুধ আমাদের হাসপাতালে আছে। এ বিষয়ে আমরা সতর্ক আছি।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় জেলাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে তাপমাত্রা আরো কমতে পারে।