গাজীপুরে অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নাজমুল আলম ওরফে রনি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক-ভবানীপুর সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রনি জয়দেবপুর থানাধীন ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর উত্তরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর জানা যায়, শুক্রবার মোটরসাইকেল চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক-ভবানীপুর সড়ক পথে বাঘের বাজার যাচ্ছিলেন রনি। পথে বাঘের বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটির সাথে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



