ঝিনাইদহের শৈলকুপায় স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজ, গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
বৃত্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মাদ ইকবাল হোসাইন, উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মোহাম্মাদ কামরুজ্জামান ও স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাখাওয়াত সজীব, ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ও পরিচালক আল ইমরান।
আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, ২০১১ সাল থেকে নিয়মিতভাবে অরাজনৈতিক এ সংগঠনটি শিক্ষামূলক বৃত্তির আয়োজন করে আসছে। এতে চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শতকরা ৭০ নম্বর পেলে সাধারণ বৃত্তি এবং ৮০ নম্বর পেলে ট্যালেন্টপুলে বৃত্তি দেয়া হয়।
‘সাধারণ বৃত্তিতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের এককালীন ৬০০ টাকা এবং ট্যালেন্টপুলে বৃত্তি পেলে এককালীন এক হাজার টাকা দেয়া হয়। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সাধারণ বৃত্তির জন্য এককালীন ৭০০ টাকা এবং ট্যালেন্টপুলে বৃত্তির জন্য এককালীন এক হাজার ২০০ টাকা প্রদান করা হয়। অষ্টম ও নবম শ্রেণির সাধারণ বৃত্তির জন্য এককালীন এক হাজার টাকা এবং ট্যালেন্টপুলে বৃত্তি পেলে এককালীন এক হাজার ৪০০ টাকা দেয়া হয়।’
স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালক আল ইমরান জানান, ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অরাজনৈতিক এবং শিক্ষামূলক বৃত্তি প্রদানকারী সেবামূলক প্রতিষ্ঠান। শুরু থেকেই সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। সকলের সহযোগিতা পেলে আগামী দিনগুলোতেও এ আয়োজন অব্যহত থাকবে।’
জানা যায়, ২০২১ সালের স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় মোট এক হাজার ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে বৃত্তি পায় ১৯০ জন। তারই ধারাবাহিকতায় এ বছর তিনটি কেন্দ্রে মোট এক হাজার ৭০০ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং উৎসবমুখর পরিবেশে পরীক্ষা শেষ হয়েছে।



