পিরোজপুরের মঠবাড়িয়ায় এক পরিত্যক্ত বাগান থেকে তন্নী আক্তার (২৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। তন্নী মঠবাড়িয়া উপজেলার ১১নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর বড়মাছুয়া গ্রামের আব্দুর রাজ্জাক আকনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত তিন বছর আগে বানারীপাড়ার তৌহিদ নামের এক যুবকের সাথে তন্নীর বিয়ে হয়। পরে তন্নীর বাবা তন্নী ও তৌহিদকে নিজের বসত বাড়িতে নিয়ে আসেন। তাদের কোনো সন্তান নাই। তন্নীর স্বামী তৌহিদ মংলায় কাজ করেন। গত বুধবার বিকেলে তন্নী নিখোঁজ হন। এরপর তন্নীর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে স্থানীয় সাঈদ মিয়ার স্ত্রী মিনারা ও কামাল আকনের স্ত্রী বানেছা বেগম ওই পরিত্যক্ত বাগানে সুপারি গাছের শুকনো পাতা (খোল) কুড়াতে গিয়ে তন্নীর লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করলে অনেকেই সেখানে ছুটে আসেন। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। রাতে অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল মো: ইব্রাহীমের নেতৃত্বে থানা পুলিশ, ডিবি পুলিশ, পিবিআইসহ র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।