দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর জেলা জামায়াতের গণমিছিলে পুলিশের হামলা ও গুলিতে ৩০ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। গ্রেফতার করা হয়েছে ১৮ জনকে।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, রাজবন্দীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে শনিবার সকালে জেলা শহর মাইজদীতে এ গণমিছিলের আয়োজন করা হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন ফারুক জানান, জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকারের নেতৃত্বে শান্তিপূর্ণ মিছিলটি মাইজদী পৌর বাজার পৌঁছলে পেছনের দিক থেকে পুলিশ হামলা ও গুলি চালায়। এ সময় জামায়াতের ৩০ জন নেতা-কর্মী গুলিবিদ্ধসহ আহত হয়েছেন। পরে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাঈয়েদ আহমেদসহ জামায়াত-শিবিরের ১৮ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে সুধারাম থানা পুলিশ। আহতদেরকে বিভিন্ন হাসপাতাল চিকিৎসা দেয়া হয়।

এদিকে জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার ও জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন ফারুক পুলিশের হামলা ও গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, জামায়াতের ১৮ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গুলি চালানোর বিষয় অস্বীকার করে তিনি বলেন, কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি চালানো হয়েছে।