কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্যাটারিচালিত ভ্যানগাড়ীর মধ্যে বিশেষ কায়দায় গাঁজা রেখে খড়ের আটি দিয়ে ঢেকে নিয়ে যাওয়ার সময় ভ্যানচালকবেশধারি এক মাদক চোরাকারবারিকে ২৬ কেজি গাঁজাসহ ফুলবাড়ী থানা পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের চান্দের বাজার এলাকায় ওই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চোরাকারবারির নাম ইসাহাক আলী (৫৫)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামের বাসিন্দা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আগামীকাল সকালে আসামিকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।