দিনাজপুরের হাকিমপুরে হার্টে তিনটি ছিদ্র নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে তৃতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া পারভিন। টাকার অভাবে সাদিয়ার চিকিৎসা করাতে পারছেন না তার দিনমুজুর বাবা।
চিকিৎসকরা জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে হার্টে অপারেশন করাতে হবে। এজন্য প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা।
হিলি বাজার থেকে দেড় কিলোমিটার দক্ষিণে চুরিপট্টি এলাকায় সাদিয়ার বাড়িতে সরেজমিনে দেখা যায়, বারান্দায় একটি কাঠের চৌকিতে বসে আছে ১১ বছর বয়সী সাদিয়া। প্রতিবেশী অন্য শিশুরা এদিক সেদিক ছুটাছুটি করলেও সাদিয়া চৌকিতে নিশ্চুপ তাদের খেলা দেখছে।
সাদিয়া জানায়, অন্যসব শিশুদের মতো তারও খেলাধুলা করতে মন চায়। কিন্ত অসুস্থ্যতার জন্য এসব করা সম্ভব হয় না। অল্প হাঁটতেই হাঁপিয়ে ওঠে সে। দম বন্ধ হয়ে আসে। স্কুলে লেখাপড়া করলেও চলাফেরা করতে না পারায় এক বছর ধরে সে স্কুলে যেতে পারছে না।
সাদিয়ার বাবা সানাউল পেশায় একজন হোটেলশ্রমিক। তিন শ` টাকা দিন হাজিরা খাবার হোটেলে শ্রমিকের কাজ করেন। মা সালমা খাতুন অন্যের দোকান থেকে ছেঁড়া বস্তা এনে তা সেলাই করেন। মেয়ের চিকিৎসায় সর্বশান্ত পরিবারটি থাকেন জরাজীর্ণ মাটির ভাড়া বাসায়।
সাদিয়ার মা সালমা খাতুন জানায়, তিন বছর বয়সে সাদিয়ার হার্টে ছিদ্র ধরা পরে। এরপর থেকে দিনাজপুর হার্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন হসপিটালে মেয়ের চিকিৎসা করিয়েছেন। সাদিয়ার হার্টের ছিদ্রগুলো দিন দিন বড় হচ্ছে। ঢাকার চিকিৎসক বলেছেন আগামী দুই সপ্তাহের মধ্যে সাদিয়ার হার্টে অপারেশন করাতে হবে। এজন্য প্রয়োজন প্রায় চার লাখ টাকা। তাদের পক্ষে এই টাকা ব্যয় করা সম্ভব না।
সাদিয়ার বাবা সামিউল বলেন, বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে তিনি মেয়ের চিকিৎসা করে যাচ্ছেন। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে তিনি ঋণে জর্জরিত। সরকারিভাবে ৫০ হাজার টাকার অনুদান পেলেও পরীক্ষা নিরীক্ষা আর ডাক্তার দেখাতেই তা শেষ। মেয়ের চিকিৎসায় তিনি দেশের বিত্তবানদের সাহায্য কামনা করেছেন।
প্রতিবেশী মোফাজ্জল হোসেন, ফজলে রাব্বি ও সিরাজুল জানান, সাদিয়ার বাবা মায়ের আয় দিয়ে মেয়ের চিকিৎসা করা সম্ভব না। সাদিয়ার চিকিৎসায় তারাও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
সাদিয়ার স্কুল দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক বলেন, সহযোগিতা পেলে চঞ্চলা মেয়েটি আবারও ছুটোছুটি করবে, আবারও স্কুলে লেখাপড়া শুরু করবে। সাদিয়াক চিকিৎসার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সকলের সহযোগিতায় শিশু সাদিয়ার চিকিৎসা সম্ভব। সাদিয়াকে সাহায্য পাঠাতে তার বাবার সাথে যোগাযোগের নাম্বার ০১৯৬৮৩১৬৩৪৬ (বিকাশ)।



