পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ লাখ টাকাসহ আসাদুল হক (৪০) নামে ব্র্যাক ব্যাংকের এক এজেন্ট মালিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আসাদুল হক মঠবাড়িয়া পৌরশহরের ৬ নং ওয়ার্ডের পশ্চিম কলেজ রোড এলাকার মৃত ফজলুল হক মাস্টারের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার রাতে নিখোঁজ আসাদের স্ত্রী আখতার জাহান খান মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আসাদুল হক মঙ্গলবার সকালে একটি ব্যাগে ১৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসা থেকে বের হন। এর কিছুক্ষণ পর তার স্ত্রী স্বামীর মোবাইল ফোনে ফোন দিলে ফোন বন্ধ পান। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে আসাদের মোটরসাইকেলটি চাবিসহ শহরের কে এম লতিফ সুপার মার্কেটে দেখতে পেলেও তাকে কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ আসাদের স্ত্রী জানান, তার স্বামী মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে টাকা নিয়ে শহরের লেপপট্টি ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পাঁচ দিন অতিবাহিত হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ব্র্যাক ব্যাংক এজেন্ট মালিক নিখোঁজের ঘটনায় তার স্ত্রী মঙ্গলবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা সব থানায় বেতার বার্তা পাঠিয়েছি।



