প্রেমের বিয়ে মেনে না নেয়ায় লক্ষ্মীপুরে মীর হোসেন (২৬) নামের সদ্য প্রবাস ফেরত এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের পুরান পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

মীর হোসেনের স্ত্রী রোমানা বেগম আরো জানান, রাঘবপুর গ্রামের পুরান পাটোয়ারী বাড়ির আবুল হোসেনের ছেলে মীর হোসেনের সাথে তার প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়। শুরু থেকেই মীরের বাবা মা ও আত্মীয়স্বজন কেউ তাদের এ সম্পর্ক মেনে নেয়নি। এমনকি মীরের মা-বাবা এঘটনার পর থেকে তার বোনের বাড়িতে বসবাস করে আসছেন। বিষয়টি নিয়ে মীরের সাথে তার বাবা মায়ের প্রায়ই মনোমালিন্য দেখা দিত। সোমবার ফজরের নামাজ পড়তে উঠার পর ঘরে ফিরে তিনি মীরের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মীর হোসেনের নিকটাত্মীয় ও রামগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন জানান, মীর গত মাস তিনেক আগে কাতার থেকে দেশে আসে। দেশের আসার পর বাবা মায়ের অমতে নিজের পছন্দে বিয়ে করে। তার এ বিয়েতে পরিবারের কেউ রাজি ছিলা না। আজ সকালে খবর পাই সে আত্মহত্যা করেছে।

রামগঞ্জ থানার উপ পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা মো: এনায়েত হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বলা যাবে প্রকৃত ঘটনা। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।