দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন ও স্থানীয় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পৌর এলাকার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬৬ পদাতিক ডিভিশনের প্রশিক্ষণ এলাকা পরিদর্শন শেষে অয়োজিত অনুষ্ঠানে তিনি কম্বল বিতরণ করেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ, সুশৃংখল ও সুসংগঠিত বাহিনীরূপে আত্মপ্রকাশ করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক বিভিন্ন কর্মকাণ্ড, জাতীয় দুর্যোগ মোকাবেলায় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করে সুখ্যাতি ও প্রভূত সুনাম অর্জন করেছে। তিনি সৈনিকদের মনোবল উন্নত রেখে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন।

এ সময় কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো: সাইফুল আলম, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার বগুড়া মেজর জেনারেল মো: খালেদ-আল-মামুন, জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মো: ফয়জুর রহমান উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও ১১ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও পরে ঘোড়াঘাট উপজেলার ডুগডুগিরহাট এলাকায় ১ হাজার ৮০০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

সেনাবাহিনী প্রধান প্রশিক্ষণকালীন সময়ে সেনাবাহিনী তার জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় বলে মত প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী আজ দিনাজপুর অঞ্চলের অসহায়, দুঃস্থ ও গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণের এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মাঝে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে।

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও গরীব-দুঃখী মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি-মেডিক্যাল ক্যাম্পেইন কর্মসূচি পরিচালনা করছে। এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ধরণের দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা যেমন, ডায়াবেটিক, হাইপার টেনশন, সংক্রমিত চর্মরোগ, বায়ুবাহিত বিভিন্ন রোগ, গর্ভবর্তী-প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা ও বিশেষ পরামর্শ প্রদান করছে এবং অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চোখের ছানি, চালসে ও দীর্ঘ দৃষ্টি ইত্যাদি রোগের চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়।

এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে ‘কৃষক বান্ধব ভেটেরিনারি সেবা ক্যাম্পেইনের’ অংশ হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলে গবাদিপশু ও হাঁস-মুরগীর বিনামূল্যে টিকা এবং চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি খামারীদের গবাদিপশু পালন, ব্যবস্থাপনা ও খামার স্থাপন সংক্রান্ত কারিগরি বিষয়ে পরামর্শ প্রদান করছে। সেবামূলক এই ক্যাম্পেইনটি খামারীদের মাঝে গবাদিপশু পালনে উৎসাহের সৃষ্টি এবং বেসামরিক পরিমন্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

পরিদর্শনকালীন সময়ে সেনাসদর ও স্থানীয় ফরমেশনসমূহের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যরা, গণমাধ্যম ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।