গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক নারীর বিধবাভাতার টাকা জালিয়াতির মাধ্যমে নিজের নম্বরে নিয়ে উত্তোলনের অভিযোগ উঠেছে।
উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ি গ্রামের মৃত চিত্ত বাড়ৈর স্ত্রী অপর্ণা বাড়ৈর নাম কাগজপত্রে থাকলেও চার বছর ধরে বঞ্চিত হচ্ছেন পাপ্য সুবিধা থেকে।
জানা গেছে, অপর্ণা বাড়ৈ চার বছর আগে সাবেক ইউপি সদস্য শান্তি রঞ্জন মল্লিকের কাছে একটি বিধবাভাতার আবেদন করলে তিনি কাগজপত্র জমা দিতে বলেন। অপর্ণা বাড়ৈ তার কাগজপত্র জমা দিলে শান্তি রঞ্জন মল্লিক তাকে কাগজপত্রে ঝামেলার কথা বলে ফিরিয়ে দেন।
স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী নতুন ইউপি সদস্য দুলাল বাড়ৈর কাছে পুনরায় বিধবাভাতা কার্ড আবেদন করলে তিনি জানায়, ভাতাভোগীর তালিকায় অপর্ণা বাড়ৈর নাম আগে থেকেই রয়েছে এবং তিনি ০১৭৬৫১৮৮৫০৭ নগদ নম্বরের মাধ্যমে টাকা উত্তোলন করে আসছেন। এরপরে ওই নম্বরের খোঁজ নিলে জানা যায় সাবেক ইউপি সদস্য শান্তি রঞ্জন মল্লিক জালিয়াতি করে ভাতার কার্ডে স্থানীয় শচীন্দ্রনাথ বাড়ৈর নগদ নম্বর যুক্ত করে সুবিধা নিয়ে আসছেন।
এই বিষয়ে সাবেক ইউপি সদস্য শান্তি রঞ্জন মল্লিকের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, `আমি ওই মহিলার আইডি কার্ডে তার নম্বর লিখে জমা দিতে বলেছিলাম, হয়ত তিনি ভুল করে অন্যকারো নম্বর দিয়েছেন। এখানে আমার কিছুই করার ছিল না।
নম্বর জালিয়াতি করে টাকা উত্তোলনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের কাছে জানতে চাইলে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থাগ্রহণ করা হবে।



