মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রামে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি প্রবাসফেরত নাগর আলী।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত নাগর আলী ওই গ্রামের শেখ কালু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত সৌদিআরবে কর্মরত ছিলেন।

জানা যায়, ছুটিতে দেশে এসে প্রতিপক্ষের আঘাতে তিনি নিহত হন। আগামী পাঁচ জানুয়ারি তার কর্মস্থলে যাওয়ার কথা ছিলো। আহত তিনজনের মধ্যে সাগর আলী আশংকাজনক অবস্থায় সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সরেজমিন নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, ৩ শতাংশ জমি নিয়ে নাগর আলী গংদের সাথে প্রতিবেশী মোহাম্মদ আলী গংদের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ওই জমিতে খড়ের পালা দেয় নিহতের ভাই বাবর আলী।

ওই পালা সরানোকে কেন্দ্র করে পরদিন শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে প্রতিপক্ষ মৃত দুখাই পালের ছেলে মোহাম্মদ আলী (৬০), আত্রব আলী (৫৬), লুৎফর (৫০), মোহাম্মদ আলীর ছেলে মকবুল (৩২), কালাম (২৬), ভাগিনা মিলন (২৬), লুৎফরের ছেলে আশরাফুলসহ (২০) অজ্ঞাত আরো সাত আটজন বাঁশের লাঠি, লোহার রড দিয়ে নাগর আলী, সাগর আলী, বাবর আলী ও সাগরের স্ত্রী নাসিমার (২৮) ওপর হামলা চালান। তাদের উপর্যুপরী মারধরে নাগর আলী ও সাগর আলী মাথা ফেটে মাটিতে লুটে পড়েন। এ সময় বাবর আলী ও সাগরের স্ত্রী নাসিমা বেগমও রক্তাক্ত জখম হন।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নাগর আলী ও সাগর আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় রেফার্ড করা হয়। পরিবারের লোকজন ওই দু’জনকে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) নাগর আলীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে নাগর আলী নিহত হন। মুমূর্ষু সাগর আলী হাসপাতালের আইসিইউতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

এ দিকে, সাগরের স্ত্রী নাসিমা ও বাবর আলী চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেন। এ ঘটনায় নিহতের ভাই বাবর আলী সিংগাইর থানায় লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি (তদন্ত) সুমন কুমার আদিত্য বলেন, অভিযোগ পেয়ে মোহাম্মদ আলীর স্ত্রী নাসিমাকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ এলাকায় এসে পৌঁছায়নি।