কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। শনিবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের বাঁশআড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত হয়েছেন উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের সাকিম শেখের ছেলে নাজমুল শেখ (৩০)। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার প্রদীপ কুমার মণ্ডল জানান, সকাল ৮টা পঞ্চাশ মিনিটে সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন- ব্যাটারি চালিত ভ্যানে পাঁচজন যাত্রী কুষ্টিয়া যাবার পথে বাঁশআড়া নামক স্থানে ভ্যানের এক্সেল ভেঙে গেলে যাত্রীরা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের উপর পড়ে যায়।

এ সময় পিছন থেকে দ্রুতগামী ট্রাক তাদের পিষে দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই একজন মারা যান এবং অপর দুজনকে মারাত্মক আহত অবস্থায় অ্যাম্বুলেন্স যোগে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, পাঁচজন যাত্রীর সকলে রাজমিস্ত্রীর কাজ করেন। তারা কাজের উদ্দেশে কুষ্টিয়া যাচ্ছিলেন। লাশ হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।