টানা তিন দিন ধরে দেশের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জে। একইসাথে জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। তাপমাত্রার অবনতি আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
রোববার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এর আগে, গত শুক্রবার এবং শনিবার সকাল ৯ টার দিকে এখানে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
এদিকে, তাপমাত্রার অবনতি আর হাড়কাঁপানো শীতে জবুথবু অবস্থা জনজীবনে। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া শ্রমজীবি মানুষের। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় ঢাকা থাকে পথঘাট। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। ফলে শ্রমজীবীরা সময়মতো কাজে যেতে পারছেন না।
বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে আবারো বাড়ছে শীতের দাপট। বিপাকে যানবাহন চালকরাও। তাদেরকে সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত তিন দিন ধরে এ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রার আরো অবনতি হয়ে মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।



