নওগাঁর রাণীনগরে গত এক বছরে অভিযান চালিয়ে সাড়ে ১৫ লাখ টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ। এ বছর গ্রেফতার হয়েছে ১৩০ জন। থানায় মোট মাদক মামলা হয়েছে মোট ১০৪টি।

থানা সূত্রে জানা যায়, ২০২২ সালের জানুয়ারি থেকে উপজেলায় মাদকবিরোধী অভিযান শুরু হয়। প্রথম অভিযান চালানো হয় ২৮ জানুয়ারি। ওই অভিযানে ২৫ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতার করা হয় উপজেলার দূর্গাপুর গ্রামের সোনামুল খন্দকারকে (৩৭)।

৬ মার্চ অভিযান চালানো হয় উপজেলার নগরপাঁচুপুর গ্রামে। এ সময় গ্রেফতার হন হাসান আলী (২০)। একইদিন অভিযান চালানো হয় নাটোরের সিংড়ার রামনগরে। সেখানে গ্রেফতার হন হামিম (২২)। জব্দ করা হয় ২৪০ পিস ইয়াবা।

১৬ জুন অভিযান পরিচালনা করা হয় উপজেলার আদমদীঘি ছাতনী এলাকায়। সেখানে গ্রেফতার হন তৌহিদুল ইসলাম (৩৭)। জব্দ হয় ৫০০ গ্রাম গাঁজা।

২৭ জুন গ্রেফতার হন বিষ্ণপুর গ্রামের ফরহাদ আলী (৩৫)। উদ্ধার হয় এক কেজি ২০০ গ্রাম গাঁজা।

১৬ জুলাই গ্রেফতার হন পশ্চিম বালুভরা গ্রামের সবুজ হোসেন (৩১)। তার থেকে উদ্ধার হয় তিন গ্রাম হেরোইন ও ৭৫ পিস অ্যাম্পুল।

১৯ আগস্ট গ্রেফতার করা হয় পশ্চিম বালুভরা গ্রামের শ্যামল মৃধা ওরফে কালু মিয়া (৩৭) ও পূর্ব বালুভরা গ্রামের রিন্টু সাহাকে (৩৫)। তাদের কাছে পাওয়া যায় চার কেজি গাঁজা।

২০ আগস্ট গ্রেফতার করা হয় চককুতুব গ্রামের আছমা বেওয়াকে (৫৩)। তার কাছে পাওয়া যায় ৫০০ গ্রাম গাঁজা।

২৫ সেপ্টেম্বর অভিযান চালানো হয় আত্রাই উপজেলার বড়কালিকাপুর গ্রামে। সেখানে গ্রেফতার হন হাসান প্রাং (৩৫)। একইদিন গ্রেফতার হন হরিশপুর গ্রামের আজাদ হোসেন (২৭)। তার কাছে পাওয়া যায় ৮০০ গ্রাম গাঁজা।

২২ অক্টোবর বিষঘড়িয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক ওরফে খাটো বাবু (৪৮) গ্রেফতার হন। এ সময় জব্দ করা হয় এক কেজি গাঁজা।

১৭ নভেম্বর গোনা গ্রামের হামিদা বেগম (৩৫) গ্রেফতার হন। সেখানে উদ্ধার হয় ৩১০ পিস ইয়াবা।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গত এক বছরের অভিযানে মোট ১৫ লাখ ৬৫ হাজার ২৫০ টাকার বিভিন্ন মাদক জব্দ হয়। উদ্ধার হয় মাদক বিক্রির নগদ ৩২ হাজার ৯০০ টাকা। গ্রেফতার হয় ১৩০ জন।

তিনি আরো বলেন, মাদক নির্মূল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। তাই সমাজের সচেতন মহল ও সর্বসাধারণের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

সমাজকে মাদকমুক্ত রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে।’