কক্সবাজারের ঈদগাঁও উপজেলাব্যাপী ফসলী জমি থেকে টপসয়েল কেটে নিচ্ছে ইটভাটা মালিকরা। বিভিন্ন ফসলী বিলে শতাধিক ভেকু মেশিন (স্কেভেটর) দিয়ে রাত-দিন চলছে এ মাটিকাটা। আবাদি জমি থেকে এভাবে টপসয়েল কেটে নেয়ায় উর্বরা শক্তি হারাচ্ছে ফসলী জমিগুলো।
সরেজমিন দেখা যায়, জালালাবাদ ইউনিয়নের ধমকা বিলের বিভিন্ন পয়েন্ট থেকে ফসলী জমির টপসয়েল কাটা হচ্ছে। ডজনাধিক ভেকু মেশিন ও শতাধিক ডাম্পার ট্রাক নিয়ে রাতদিন সমানতালে চলছে এ টপসয়েল কাটা। এতে ক্ষতবিক্ষত ও বিরাণভূমিতে পরিণত হয়ে হুমকির মুখে পড়েছে জেলার শস্যভাণ্ডার খ্যাত ধমকা বিল। ক্রমাগত টপসয়েল কাটার ফলে জমির উর্বরা শক্তি কমে যাওয়ায় শস্য উৎপাদন কমে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। এতে এতদাঞ্চলে খাদ্য ঘাটতির আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ ছাড়াও একই ইউনিয়নের পালাকাটা ও লরাবাক গ্রামের মধ্যবর্তী বিলের অন্তত চার পয়েন্টে ১০-১২টি এক্সেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। ঈদগাঁও রাবারড্যাম রাস্তার মাথার অদূরবর্তী বিল ও পালাকাটা রেলক্রসিংয়ের পশ্চিমেও এক্সেভেটর দিয়ে টপসয়েল কেটে নিচ্ছে ইটভাটা মালিকরা।
দক্ষিণ লরাবাক-মোহনবিলা সংযোগ সড়কের দু’পাশের বিলে ডজনখানেক এক্সেভেটর দিয়ে টপসয়েল কাটা হচ্ছে। টপসয়েল কেটে নেয়ায় জেলার শস্যভাণ্ডারখ্যাত ধমকা বিল পরিণত হচ্ছে বিরাণ ভূমিতে।
ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী বিল, ঈদগাঁও সদর ইউনিয়নের মাইজপাড়া ঝাইক্কা কাটা বিলেও চলছে একই কায়দায় মাটি লুট। এভাবে সর্বত্র টপসয়েল লুটের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে রাতেও শক্তিশালী ফ্লাডলাইট জালিয়ে টপসয়েল কাটা অব্যাহত রেখেছে ইটভাটা মালিকরা।
ফসলী জমি থেকে দিন-রাত কেটে নেয়া এসব টপসয়েল শত শত ডাম্পার ট্রাকে বিভিন্ন ইটভাটায় নেয়া হচ্ছে। আবাদি জমি থেকে টপসয়েল কেটে নিয়ে পর্বতাকারের স্তুপ করা হয়েছে ইটভাটাগুলোতে।
এলাকাবাসী জানান, আইনের তোয়াক্কা না করে লোকালয়ের মাঝে ও ঘনবসতিপূর্ণ এলাকার পাশে আবাদি জমিতে অবৈধ এসব ব্রিকফিল্ড স্থাপন করা হয়েছে। অনুমোদন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্রবিহীন এসব ইটভাটা বিগত প্রায় দুই যুগ ধরে এলাকার পরিবেশ প্রতিবেশ ধ্বংস ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যগত হুমকি সৃষ্টি করলেও সবসময় ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছে।
পরিবেশ অধিদফতর কক্সবাজারের উপপরিচালক হাফিজুর রহমান ফোন রিসিভ না করায় এ বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, ফসলী জমি থেকে টপসয়েল কাটা বন্ধে উপজেলার বিভিন্ন স্থানে রাতেও অভিযান চালানো হয়েছে। টপসয়েল কাটা বন্ধে ফের অভিযান পরিচালনা করা হবে।
ঈদগাঁওতে ভেকুর তাণ্ডবে ফসলী জমির সর্বনাশ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলাব্যাপী ফসলী জমি থেকে টপসয়েল কেটে নিচ্ছে ইটভাটা মালিকরা। বিভিন্ন ফসলী বিলে শতাধিক ভেকু মেশিন (স্কেভেটর) দিয়ে রাত-দিন চলছে এ মাটিকাটা। আবাদি জমি...



