গত ২৭ ডিসেম্বর বুধবার গভীর রাতে কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবনিয়া থেকে অপহৃত তিন ইটভাটার শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। ১ জানুয়ারি দিবাগত রাতে অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযানের মুখে টিকতে না পেরে গতকাল ২ জানুয়ারি সোমবার সকালে অপহৃতদের কাউখালীর সীমান্তবর্তী রাউজানের কোনো অজ্ঞাত স্থানে ছেড়ে দিতে বাধ্য হয় সন্ত্রাসীরা। পরে পুলিশি রিমান্ডে থাকা আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেবাদ থেকে তাদের উদ্ধার করা হয়।
কাউখালী থানার ওসি পারভেজ আলী জানান, ৩১ ডিসেম্বর শনিবার রাতে ১০টায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান থেকে মুক্তিপণের অগ্রিম পাঁচ লাখ টাকা গ্রহণকালে পুলিশ দু’জনকে আটক করে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ড নেয়া হয়। জিজ্ঞাবাদে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে অপহৃতরা ডাব্বুনিয়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসী বাবু মারমার হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশের অভিযানে অবশেষে সন্ত্রাসীরা অপহৃতদের কাউখালীর সীমান্তবর্তী রাউজানে ফেলে চলে যায়। পরে অপহৃতরা রাউজান হয়ে হাটহাজারী থানার ফতেবাদ এলাকায় ইটভার মালিক আলমগীর কোম্পানীর কাছে যায়। সেখান থেকে পুলিশ তাদের উদ্ধার করে।
উল্লেখ্য, চাঁদার দাবিতে গত ২৭ ডিসেম্বর বুধবার গভীর রাতে উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবনিয়া এলাকা থেকে ইটভাটার তিন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।