জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ত্রাসী হামলা, ফার্মেসি ভাঙচুর ও ফার্মাসিস্টকে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত ফার্মাসিস্ট এনামুল হক বলেন, ফার্মেসি বন্ধ হওয়ার পর কয়েকজন যুবক এসে আমার কাছে ওষুধ চায়। আমি ডাক্তারের ব্যবস্থাপত্র আনতে বললে তারা ফার্মেসিতে ভাঙচুর ও আমাকে
মারপিট করে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্টাফ জানান, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহীন মিয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিপুল মিয়ার নেতৃত্বে ছাত্রলীগ নামধারী একদল যুবক ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসিতে হামলা চালায়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ আল ইমরান বলেন, বিষয়টি আমি শুনেছি। ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থাকায় খোঁজ নেয়া
সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বলেন, হাসপাতালে হামলা ও সরকারি ওষুধসহ সম্পদ ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমান বলেন, হাসপাতাল পরিদর্শন করেছি। সরকারি সম্পদ বিনষ্টকারী যেই হোক কোনো ছাড় দেয়া হবে না। এ ছাড়া হাসপাতাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান।
ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।