জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ত্রাসী হামলা, ফার্মেসি ভাঙচুর ও ফার্মাসিস্টকে মারধর করা হয়েছে। বুধবার (৪ জানুয়াররি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আহত ফার্মাসিস্ট এনামুল হক বলেন, ফার্মেসি বন্ধ হওয়ার পর কয়েকজন যুবক এসে আমার নিকট ওষুধ চান। আমি ডাক্তারের ব্যবস্থাপত্র আনতে বললে তারা ফার্মেসি ভাঙচুর ও আমাকে মারপিট করে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্টাফ জানান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন মিয়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বিপুল মিয়ার নেতৃত্বে ছাত্রলীগ নামধারী একদল সন্ত্রাসী ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসিতে হামলা চালায়। এ সময় তারা ফার্মেসি ভাঙচুর করে। ফেলে দেয় ফার্মেসির ওষুধপত্র। সন্ত্রাসীরা ফার্মাসিস্ট এনামুল হককেও মারধর করে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ আল ইমরান জানান, বিষয়টি আমি শুনেছি। ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় খোঁজ নেয়া সম্ভব হয়নি।

ঘটনার পরপরই ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে। এ সময় তারা আইনগত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ এ এম আবু তাহের বলেন, হাসপাতালে হামলা ও সরকারি ওষুধসহ সম্পদ ভাঙচুরের কারণে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর হাসান রুমান হাসপাতাল পরির্দশন করে দ্রুত আইনগত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। তিনি বলেন, সরকারি সম্পদ বিনষ্টকারী যেই হোক, কোনো ছাড় দেয়া হবে না। এছাড়া হাসপাতাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান ।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজেদুর রহমান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।