বরগুনার বেতাগীতে ইউপি সদস্য শামীম খানকে পুড়িয়ে হত্যার পরিকল্পনাকারী ও প্রধান আসামি চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) সকালে খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে বেতাগী থানা পুলিশ।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে হত্যা মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হলো।

মামলার বিবরণ থেকে বেতাগী থানার ওসি জানান, গত বছরের ৮ আগস্ট রাতে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের মায়ারহাট বাজার এলাকায় খান ফারুক আহমেদ শামীম ওরফে শামীম খানের ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শামীম খান (৩৩) গুরুতর অগ্নিদগ্ধ হন এবং তার স্ত্রী সুচি আহত হন।

শামীমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১১ আগস্ট তার মৃত্যু হয়।

১৩ আগস্ট শামীমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বেতাগী থানায় হত্যা মামলা করেন। পুলিশ দু`জনকে আটকে করলে তারা হত্যার দায় স্বীকার করেন। এছাড়া হত্যার পরিকল্পনাকারী হিসেবে চাঁন মিয়ার নাম উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় তারা জবানবন্দি দেন।