জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ত্রাসী হামলা, ফার্মেসি ভাঙচুর ও ফার্মাসিস্টকে মারধর করায় তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই কর্মবিরতি পালিত হয়।

জানা যায়, গত বুধবার (৪ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন মিয়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বিপুল মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের দুর্বৃত্তরা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে হামলা চালায়। এ সময় তারা ওষুধপত্র ফেলে দেয়। ফার্মেসি ভাঙচুর করে। তারা দারিত্বরত ফার্মাসিস্ট এনামুল হককেও মারধর করে। এ ঘটনায় এখনো কোনো আইনগত ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায় ও উপজেলার চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন, ‘বিষয়টি নিয়ে সিভিল সার্জন মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

জামালপুর জেলা সিভিল সার্জন ডা: প্রণয় কান্তি দাস পরে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এরপর আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পাতালের স্টাফরা কাজে যোগদান করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ এ এম আবু তাহের বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজেদুর রহমান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।