সিলেটের গোলাপগঞ্জের পৌরসদরে পূর্বশত্রুতার জের ধরে শাসকদলের এক গ্রুপের সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ২২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গুরুতর আহত ছাত্রলীগ নেতা রিয়াজ আহমদ (১৯) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আওয়ামী লীগের গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল গ্রুপের সক্রিয় নেতা বলে জানা যায়।
জানা যায়, বুধবার সন্ধ্যায় রাবেল গ্রুপের নেতা রিয়াজ উপজেলা সদরের ওয়াহাব প্লাজা মার্কেটের পাশে রণি স্টোরের সামনে আসামাত্র পূর্বশত্রুতার জের ধরে কাউন্সিলর রুহিন আহমদ খান গ্রুপের নাঈম আহমদের নেতৃত্বে ২০/২২ জন মাথায় কালো হেলমেট পরে রাম দা দিয়ে তাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিক্যালে পাঠান। এ ঘটনায় আহত রিয়াজ আহমদের বড় ভাই রুমেছ আহমদ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ২২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই ঘটনায় শাসকদলের দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
কাউন্সিলর গ্রুপের হামলায় একই দলের অপর গ্রুপের রিয়াজ আহমদের আহত হওয়া এবং পাঁচ আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত)।