সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সাধারণ সভায় সাংবাদিক আহাদকে সভাপতি ও আব্দুল হাইকে সচিব বানিয়ে নতুন বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বোর্ডের ২৯তম বোর্ড সভায় এ ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানটি সিলেট গোটাটিকরের সদর দফতরে হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মাদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।

সভায় বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জিএম প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী, আরইবির প্রতিনিধি উপ-পরিচালক মোহাম্মাদ হালিমুজ্জামান, সমিতির বিদায়ী সচিব মোহাম্মাদ মেন্দি মিয়া, বিদায়ী কোষাধ্যক্ষ এমদাদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হানিফ আহমদ। সঞ্চালনা করেছেন ওসমানী নগর জোনাল অফিসের ডিজিএম নাঈমুল হাসান।

উল্লেখ্য, দ্বিতীয় অধিবেশনে আরইবির প্রতিনিধিদের পরিচালনায় আটটি উপজেলার নির্বাচিত পরিচালকদের ভোটে নতুন বোর্ড গঠন করা হয়। এতে সাংবাদিক আব্দুল আহাদকে (গোলাপগঞ্জ) সভাপতি, নজরুল হক তাপাদারকে (জকিগঞ্জ ও বিয়ানীবাজার) সহ-সভাপতি, মোহাম্মাদ আব্দুল হাইকে (ফেঞ্চুগঞ্জ) সচিব ও সহিদুল হাসানকে (জকিগঞ্জ) কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়।