গাজীপুরের এক ওয়াশিং কারখানা থেকে ওই কারখানার পরিচ্ছন্নতাকর্মী ফুল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের গাছা থানার রাজ ওয়াশিং প্লান্ট লিমিটেডের কারখানা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহত ফুল মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার বাগপাড়া জগতচর এলাকার আব্দুল মালেকের ছেলে।

থানা ও কারখানা সূত্রে জানা যায়, কারখানায় পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার) হিসেবে চাকরি করতেন ফুল মিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় রাতের শিফটের কাজে যোগ দেন তিনি। শুক্রবার সকালে ডিউটি শেষে দীর্ঘ সময়েও বাসায় না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করেন। তারা বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানালে নিরাপত্তাকর্মীরা তল্লাশি চালায়।

কারখানার ভেতরে ওয়াশিং মেশিনের পেছনে ড্রেনের পাশে তার মাথাবিহীন লাশ দেখতে পান তারা। নিহতের গলা থেকে বিচ্ছিন্ন মাথাটি এক্সেলের পাইপের উপরে ঝুলছিল। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গাছা থানার ওসি মো: ইবরাহিম হোসেন জানান, ফুল মিয়া রাতের শিফটে শীতের পোশাক গায়ে কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, চলন্ত মেশিনের পাশে কাজ করার সময় তার গায়ের পোশাক মেশিনের এক্সেলের সাথে জড়িয়ে যায়। এতে গলা থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে তার মৃত্যু হয়।

তবে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।