সিলেটের গোলাপগঞ্জে কাউন্সিলর গ্রুপের হামলার চতুর্থ দিনে পৌর মেয়র গ্রুপের পাল্টা হামলায় গুরুতর আহত হন কাউন্সিলর গ্রুপের নেতা হোসেন আহমদ (৩৫)।

রোববার (৮ জানুয়ারি) গোলাপগঞ্জ পৌরশহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কের পাশে হামলা হয়।

আহত হোসেন আহমদ উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী উত্তর গ্রামের তবারক আলীর ছেলে ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান গ্রুপের সক্রীয় নেতা।

জানা যায়, আওয়ামী লীগের পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান গ্রুপের নেতা হোসেন আহমদের ওপর ধারালো দেশীয় অস্ত্র দিয়ে সংঘবদ্ধ হয়ে হামলা চালায় একই দলের পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল গ্রুপের নেতাকর্মীরা।

স্থানীয়রা গুরুতর আহত হোসেন আহমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

আওয়ামী লীগের অন্যতম নেতা ও গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহিন আহমদ খানের যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে জানান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়রের ইন্দনেই নেতাকর্মীরা প্রকাশ্যে হামলা চালিয়েছে।

তিনি আরো জানান, পৌরসভার কার্যালয় থেকে মেয়র গ্রুপের নেতাকর্মীরা বের হয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন। তিনি এর তীব্র নিন্দা জানান। থানায় মামলার করবেন বলে জানান।

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বর্তমানে তিনি একটি অনুষ্ঠানে আছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সংবাদ পেয়েছেন। চার দিন আগের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তিনি জড়িতের আটক করে আইনের আওতায় আনতে ওসিকে জানিয়েছেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) মো: রফিকুল ইসলামের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছেন। দুই গ্রুপের মধ্যে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।