কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই সপ্তাহের তীব্র শীত ও ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে।

আসন্ন ইরি-বোরো মৌসুমে চারা সঙ্কটের আশঙ্কা করছেন কৃষকরা। তবে তাপমাত্রা বৃদ্ধি পেলে আক্রান্ত বীজতলা সেরে উঠবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের কৃষক নকিবুল ইসলাম, হোসেন আলী ও পূর্ব ফুলমতি গ্রামের জয়নুল আবেদীন জানান, কয়েকদিন ধরে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। ঘন কুয়াশার কারণে দুপুর পর্যন্ত সুর্য দেখা যায় না। শীতের কারণে বোরো ধানের চারাগুলো হলুদ ও লাল বর্ণ ধারণ করছে। এতে চারাগুলো গোড়ায় পচন ধরে মরে যাচ্ছে। ছত্রাকনাশক প্রয়োগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। বীজতলায় বাড়তি পানি দিয়েও কোনো উপকার হচ্ছে না।

তারা আরো জানান, এভাবে শীত ও কুয়াশা চলতে থাকলে বেশিরভাগ বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন বলেন, `১০ হাজার ১৫০ হেক্টর জমিতে ইরি-বোরো রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে উপজেলায় এখন পর্যন্ত ৫৪০ হেক্টর জমিতে বোরো বীজ বপণ করা হয়েছে। সব বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত না হলেও কিছু কিছু বীজতলা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আমরা কৃষকদেরকে ছত্রাকনাশক স্প্রে ব্যবহার ও পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দেয়ার পরামর্শ দিচ্ছি।`