বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের প্রিজন সেলের দায়িত্বে থাকা আব্দুস সালাম (৪৪) নামে এক কারারক্ষীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে হাসপাতালের ১ নম্বর গেটের সামনে এক ফ্লেক্সিলোডের দোকানে এ ঘটনা ঘটে।

ছুরিকাহত কারারক্ষী বগুড়া কারাগারে কর্মরত। বর্তমানে তিনি শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিষয়গুলো নিশ্চিত করেছেন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান।

তিনি জানান, শজিমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েদিদের জন্য থাকা প্রিজন সেলের দায়িত্ব আছেন আব্দুস সালাম। সোমবার সন্ধ্যার দিকে সালাম ফ্লেক্সিলোড দেয়ার জন্য হাসপাতালের ১ নম্বর গেটে এক মুদি দোকানে যান। এ সময় অজ্ঞাত তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে কারারক্ষীকে মারধর শুরু করেন। এক পর্যায়ে তাদের মধ্যে একজন ধারালো অস্ত্র দিয়ে সালামের শরীরের পেছন ভাগে আঘাত করে দ্রুত পালিয়ে যান।

এএসআই রকিবুল ইসলাম আরো জানান, বর্তমানে সালাম চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত। তবে এ ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করা যায়নি।