পাবনার সাঁথিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত ও একজন আহত হয়েছে।

গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের বোয়াইলমারী মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের বন্দিরাম চর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২২) ও একই গ্রামের ইউনুস আলীর ছেলে যুবরাজ হোসেন (১৬)। আহত আলমাস রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

রুবেল পাবনা এডওয়ার্ড কলেজে অনার্স পড়েন এবং যুবরাজ এই বছর এসএসসি পাস করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে পাবনা বাণিজ্য মেলা দেখে মোটরসাইকেলে করে ফেরার পথে বোয়াইলমারী বাজার পার হওয়ার সময় সামনে কুকুর এসে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাশে স মিলের গাছের গুড়ির স্তুপে পড়ে যায় তারা।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা হাসপাতালে নেয়ার পথে যুবরাজ মারা যান। রুবেল ও আজিজুলকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে রাজশাহী নেয়ার পথে রুবেল মারা যান।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে দুই শিক্ষার্থীর মৃত্যুতে তাদের পরিবার ও সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।