পটুয়াখালী-ঢাকা নৌরুটে চলাচলকারী এমভি সুন্দরবন-১৪ লঞ্চের কেরানি মশিউরের আঘাতে লঞ্চটির সুপারভাইজার মো: রাজ্জাকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে পটুয়াখালী লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে।
জিজ্ঞাসাবাদের জন্য কেরানি মশিউর ও লঞ্চের অপর সুপারভাইজার মো: ইউনুসকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পটুয়াখালী টার্মিনালে নোঙ্গর করা সুন্দরবন-১৪ লঞ্চের ভেতরে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে মশিউর ও রাজ্জাকের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মশিউর ক্ষিপ্ত হয়ে রাজ্জাককে কিল-ঘুষি মারলে তিনি লঞ্চের ডেকে লুটিয়ে পড়েন। এতে ক্ষান্ত না হয়ে মশিউর ও ইউনুস ফের কিল-ঘুষি মারলে রাজ্জাকের নাক-মুখ দিয়ে রক্ত বের হয়।
গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান জানান, সুন্দরবন-১৪ লঞ্চের স্টাফদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এতে রাজ্জাক নামের একজন সুপারভাইজার আহত হলে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদের জন্য মশিউর ও ইউনুস নামের দু’জনকে আটক করা হয়েছে। এটি অসুস্থতাজনিত মৃত্যু নাকি হত্যাকাণ্ড তা তদন্তসাপেক্ষে জানা যাবে।



