খাগড়াছড়িতে জাতীয় মানবাধিকার কমিশনের সফর উপলক্ষে এ অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে আগামীকাল রোববার আধাবেলা সড়ক অবরোধের আহ্বান জানিছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর প্রসীত গ্রুপ।

শনিবার (১৪ জানুয়ারি) ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে আগামীকাল রোববার (১৫ জানুয়ারি) খাগড়াছড়ি জেলায় আধাবেলা (সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) সড়ক অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে অংগ্য মারমা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন। অবরোধ চলাকালে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, ওষুধ সরবরাহকারী গাড়ি ও সংবাদপত্র বহনকারী গাড়ি এবং সংবাদ সংগ্রহে কাজে ব্যবহৃত গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।

শনিবার সকালে দীঘিনালা উপজেলার উদাল বাগান এলাকায় মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউপিডিএফ সংগঠক সুজয় চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন দীঘিনালা ইউপিডিএফের নেতা সজীব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জ্ঞান প্রসাদ চাকমা ও রূপেশ চাকমা।

এ সময় তারা পার্বত্য চট্টগ্রামে সঙ্ঘটিত সকল হত্যা ও গণহত্যার বিচার, দমন-পীড়ন, ভূমি বেদখল, নারী নির্যাতন বন্ধ করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এদিকে শনিবার সকাল ১০টায় মানিকছড়ি উপজেলার জামতলী এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের ওপর বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ইউপিডিএফ সংগঠক বরুণ চাকমার সভাপতিত্বে ও অংচিং মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য অংসালা মারমা, মানিকছড়ি থানা শাখার সভাপতি অংক্য মারমা ও হিল উইমেন্স ফেডারেশনের মানিকছড়ি থানা শাখার আহ্বায়ক আনু মারমা।

সমাবেশ শেষে সংগঠটির নেতাকর্মীরা ১৫ জানুয়ারি সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ ঘোষণা করেন। এ সময় তারা দীঘিনালা সকল যানবাহন সমিতি ও বিভিন্ন পেশার মানুষের প্রতি অবরোধ সফল করার আহ্বান জানান। আগামী ১৬ থেকে ১৯ জানুয়ারি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও মানবাধিকার কমিশনের অন্য সদস্যদের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলা সফর করার কথা রয়েছে।