চুয়াডাঙ্গার দর্শনা থানার অন্তর্গত ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে শনিবার গভীর রাতে ৯টি অত্যাধুনিক এয়ার গান আটক করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো: ইশতিয়াক (পিএসসি) জানান, গতকাল রাত ১১টার দিকে ফুলবাড়ী বিওপির টহল দল সীমান্তে টহল পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধ অস্ত্রের চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে। খবর পেয়ে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির রাত্রীকালীন টহল কমান্ডার নায়েক মো: ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ৮৫/৮৬ নম্বর পিলারের কাছে শূন্য লাইনের পাঁকা রাস্তার পাশে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর এক ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখলে অবস্থা নেয়া বিজিবি’র সশস্ত্র টহলদল চোরাকারবারিকে ধাওয়া করে। তখন চোরাকারবারি বস্তাটি ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সশস্ত্র টহলদল ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভেতরে তিনটি কার্টুনের মধ্যে থেকে ৯টি অত্যাধুনিক বিদেশী এয়ার গান উদ্ধার করতে সক্ষম হয়।

এদিকে, উদ্ধার এয়ার গানগুলো মূলত কোন দেশে তৈরী বিস্তারিত কোনো তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করেনি চুয়াডাঙ্গা ৬ বিজিবি।

এ বিষয়ে দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে মামলাসহ আটক এয়ার গানগুলো জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ৬ বিজিবি।