রাজধানীর নববাগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর কাঁছি ছেড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ জানুয়ারী) উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিল পল্লী এলাকায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংস্কৃতির অংশ হিসেবে প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করে বিল পল্লী সবুজ সংঘ।

জানা যায়, এবারের প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে ১০টি গরু অংশগ্রহণ করেছে। অধিকাংশ গরুই ছিল বৃহদাকৃতির। গরুর গলায় মালা ও গায়ে রঙ মাখিয়ে নিয়ে এসেছেন গরুর মালিকরা। নিয়মানুযায়ী যার গরু সবচেয়ে বেশি মোটা কাঁছি ছিঁড়তে পারবে, সেই হবে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন। এবারের আকর্ষণীয় দিক ছিল, সবগুলো গরুই কাঁছি ছিঁড়তে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিল পল্লী সবুজ সংঘের সভাপতি মো: সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো: সিরাজ সিদকার, নুর আলম, মনির ফকির, ইদরিস বেপারী ও লিটন সিকদার প্রমুখ।

উল্লেখ্য, ১৯৮৩ সাল থেকে প্রতি বছর সংঘটি শাকরাইনের দিন এ প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানটি বিকেল ৪টা থেকে শুরু হয়। কিন্তু সেটা উপভোগ করার জন্য উৎসুক জনতার ভিড় জমতে থাকে বিকেল ৩টা থেকেই। উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষজন এ খেলা দেখতে আসে। এ উপলক্ষে মাঠের চারপাশে বসে গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন ধরনের মুখরোচক খাবার ও শিশুদের খেলনার পসরা পাওয়া যায়।