নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আরো দু`জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে পলাশের ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান পাপন (২৫) পলাশ থানা ছাত্রদলের সদস্য সচিব।
ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
আলম মোল্লা জানান, উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়ার সময় ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবেল ও তার লোকজন ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় রুবেল প্রকাশ্যে পাপনের পায়ে গুলি করেন। এছাড়া ছাত্রলীগের হামলায় আহত হন পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান ও সদস্য সচিব আরিফ।
ঘটনার পর তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পাপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।



