দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা গমের ভুষি বোঝাই ভারতীয় ট্রাক থেকে মদ জব্দ করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে ভারতীয় ট্রাকচালক গৌতম রায়কে আটক করা হয়েছে।

হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়জিত হোসেন জানান, রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর আসে, ভারত থেকে গমের ভুষি বোঝাই একটি ট্রাকে মাদকদ্রব্য বাংলাদেশে আনা হয়েছে।

এমন খবর পেয়ে হিলি কাস্টমসের একটি দল পানামা হিলি পোর্টের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় গমের ভুষি বোঝাই ভারতীয় একটি ট্রাকের কেবিন থেকে ভারতীয় ২৩ বোতল মদ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ সময় মাদক পাচারের অভিযোগে ভারতীয় ট্রাকচালক গৌতম রায়কে আটক করা হয়। তাকে হাকিমপুর থানায় পাঠানো হয়েছে।