নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপির মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ নেতাদের হামলায় মোস্তাফিজুর রহমান পাপন (২৫) নামে এক ছাত্রদলের নেতা গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন। গতকাল বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পাপন পলাশ থানা ছাত্রদলের সদস্য সচিব। বিষয়টি নিশ্চিত করেছেন, ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা।


আহত অন্যরা হলেন- ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বয়ক আমান মিয়া ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ।
বিএনপি নেতা আলম মোল্লা জানান, বিক্ষোভ মিছিলের জন্য ছাত্রদলের নেতাকর্মীরা দড়িহাওলাপাড়া থেকে প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল তার দলবল নিয়ে হামলা চালায়। এ সময় রুবেল প্রকাশ্যে থানা ছাত্রদলের সদস্য সচিব পাপনের পায়ে গুলি করে। এ সময় বাধা দিতে গেলে তাদের হামলায় আহত হন অন্য দু’জন। ঘটনার পর তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পাপনকে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ বিষয়ে পলাশ থানার ওসি মো: ইলিয়াছ জানান, গুলি করার ঘটনাটি লোকমুখে শুনেছি। বিস্তারিত জানতে খোঁজখবর নেয়া হচ্ছে।