শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ নালিতাবাড়ীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন নেতাকে গ্রেফতার ও ৩০ নেতা-কর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা করেছে।

সোমবার ভোরে তারাগঞ্জ দক্ষিণ বাজার ও আমবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে বলে স্থানীয় বিএনপির নেতারা জানিয়েছে। পরে ওই দিনই তাদেরকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার নেতারা হলেন- শহর বিএনপির যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ কাঞ্চন, শহর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও নালিতাবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।

নালিতাবাড়ী থানার এসআই সাফায়েত উল্লাহ সোমবার (১৬ জানুয়ারি) এ মামলা দায়ের করেন। একই মামলায় নালিতাবাড়ী উপজেলা ও শহর ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১৮ জনকে আসামি করা হয়েছে।

নাম উল্লেখ করা ১২ আসামিরা হচ্ছেন- নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ নূরুল আমিন, শহর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র আনোয়ার হাসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলি দেওয়ান, যুগ্ম আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, শহর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাস তালুকদার রিপন, যুগ্ম আহবায়ক আলী আকবর চান্দু, যুগ্ম আহবায়ক সাবেক কমিশনার বিদ্যুত সরকার, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরী।

নালিতাবাড়ী শহর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র আনোয়ার হোসেন বলেন, বিএনপি নেতা-কর্মীকে হয়রানি করার জন্য শতভাগ মিথ্যা, ভিত্তিহীন এ মামলা করা হয়েছে। তিনি গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন।

মামলার বাদী নালিতাবাড়ী থানার এসআই সাফায়েত উল্লাহ মামলা ও গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।