শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের খড়িয়াপাড়া গ্রামের ইউপি সদস্য আবুল হাশেমের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন তিন সন্তানের জননী গৃহবধূ লাকী আক্তার তানভীন (৩০)।
পুলিশ ও এলাকাবাসীর ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি রোববার রাত ৮টার দিকে বাঘবেড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আবুল হাশেম অটোচালক চান মিয়া স্ত্রী লাকী আক্তার তানভীনের বাড়িতে যান। এ সময় হাশেম মেম্বার ঘরের দরজার কাছে এসে ডাকাডাকি করেন। দরজা না খুলে দেয়ায় দরজার খিল ভেঙে ঘরে প্রবেশ করে ধর্ষণেরর চেষ্টা চালান তিনি। ঘরের ভেতর ছেলে সন্তান থাকায় লাকীর সাথে ধস্তাধস্তির একপর্যায়ে চিৎকারে হাশেম মেম্বার দ্রুত ঘটনাস্থল হতে সটকে পড়েন।
লাকী আক্তার বলেন, আমরা গরিব মানুষ। এই হাশেম মেম্বার দীর্ঘ দিন ধরে আমার পেছনে অসৎ উদ্দেশ্যে লেগে আছে। বাড়ি কাছাকাছি হওয়ায় দিনে-রাতে তিনি আমাকে বিরক্ত করেন। তার কথায় রাজি না হওয়াতে তিনি আমাকে ওইদিন রাতে ধর্ষণের চেষ্টা করেছেন এবং তিনি আমাকে ব্যাপক ক্ষতি করবে বলে হুমকি দিয়েছে।
এলাকাবাসী জানায়, অভিযুক্ত হাশেম মেম্বারের বিরোদ্ধে নালিতাবাড়ী থানা একাধিক মাদককারবারি মামলা রয়েছে। এছাড়াও এলাকাবাসীর অনেককেই বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ ব্যাপারে অভিযুক্ত হাশেম মেম্বার অভিযোগ অস্বীকার করে বলেন, ব্যক্তি প্রতিহিংসায় আমাকে হেয় করার জন্য এসব অভিযোগ করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমদাদুল হক জানান, ঘটনাটি আমি শুনেছি। এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত করে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।



