কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আলুক্ষেত দেখতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বেধড়ক মারধরে এক বাংলাদেশী কৃষক আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী উপজেলার নাকারজান সীমান্তের ৯৪০ নম্বর মেইন পিলারের ৫ ও ৬ নম্বর সাব পিলারের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
সীমান্তবাসী সূত্রে জানা যায়, ঘন কুয়াশার মধ্যে বাংলাদেশী কৃষক কুটিচন্দ্রখানা গ্রামের আমজাদ হোসেন (৪০) সীমান্তে আলুক্ষেত দেখতে যান। এ সময় চোরাকারবারি ভেবে ভারতের কোচবিহার জেলার সেউটি-২ (ছাপরি) ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা আমজাদকে আটক করে। কিছু বুঝে ওঠার আগেই বিএসএফ সদস্যরা তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। মারধরে অচেতন হয়ে পড়লে মৃত ভেবে সীমান্তঘেঁষা আলুক্ষেতে ফেলে রেখে কাঁটাতারের ভেতরে চলে যায় বিএসএফ সদস্যরা। পরে পরিবারের লোকজন ওই ক্ষেত থেকে মারাত্মক আহতাবস্থায় আমজাদকে উদ্ধার করেন। বর্তমানে তাকে পারিবারিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
লালমনিরহাট ১৫ বিজিবির অধীন গংগারহাট বিওপির নায়েক সুবেদার নুরুল ইসলাম বলেন, শুনেছি একজন বাংলাদেশী নাগরিক আলুর ক্ষেত দেখার জন্য সীমান্তে গিয়ে বিএসএফের মারধরের শিকার হয়েছেন। খবর পেয়ে দ্রুত ওই সীমান্তে বিজিবির টহল পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।