কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) এক ইন্টার্ন চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তার পাশে একটি একটি চিরকুট পাওয়া গেছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে মেডিক্যাল কলেজের ইন্টার্ন হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, লাশ উদ্ধারের সময় তার শরীরে অ্যাপ্রোন ছিল। নিজ কক্ষে বিদ্যুতিক পাখায় ঝুলছিল তার লাশ। টেবিলে পাওয়া যায় একটি চিরকুট। চিরকুটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী।

ওই চিকিৎসকের নাম মিনহাজ উল করীম ভূঁইয়া। তিনি ২৪তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ।

তার সহকর্মীরা জানান, দিনে ইন্টার্ন শেষ করে হোস্টেল ক্যান্টিনে লাঞ্চ করেন মিনহাজ। এসময় তার পরনে অ্যাপ্রোন ছিল। বুধবার রাতে সার্জারি-১ বিভাগে তার নাইট ডিউটি ছিল। কিন্তু যথাসময়ে তিনি হাসপাতালে না এলে একাধিকবার তাকে কল করা হয়। কিন্তু তিনি কল রিসিভ করেননি। একপর্যায়ে রাত ৯টা পার হয়ে গেলেও তিনি হাসপাতালে না আসায় ২৫ ব্যাচের মোদাচ্ছের নামে এক ইন্টার্নিকে তার হোস্টেলে পাঠানো হয়। সেখানে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ দেখতে পান মোদাচ্ছির। দরজা ধাক্কা দিয়েও কোনো সাড়া পাননি ওই চিকিৎসক। এ সময় তিনি পাশের কক্ষের শিক্ষার্থীদের ডেকে আনেন। তারা জানালা দিয়ে দেখেন, অ্যাপ্রোন পরা অবস্থায় সিলিং ফ্যানের সাথে মিনহাজ ঝুলে আছে। দ্রুত দরজা ভেঙে তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু এর অনেক আগেই তিনি মারা যান বলে প্রত্যক্ষদর্শীদের ধারণা।

পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক কলেজের এক প্রভাষক বলেন, মিনহাজ আমার ছাত্র ছিল। ২৬ তম ব্যাচের শিক্ষার্থীরা ইন্টার্ন করছিল। তবে সে ছিল ২৪তম ব্যাচের। ছাত্র জীবনে একাধিকবার ফেল করায় তার মধ্যে মানসিক বিষণ্ণতা ছিল। আত্মহত্যার পেছনে পুরোনো বিষণ্ণতার পাশাপাশি পারিবারিক কোনো কারণও থাকতে পারে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মোস্তফা কামাল আজাদ বলেন, একজন ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু মেনে নেয়া কষ্টকর। কেন আত্মহত্যা করল তা এখনো নিশ্চিত হতে পারিনি। তার পরিবারের লোকজন এসেছেন। তাদের সঙ্গে কথা বলে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, যে কক্ষে মিনহাজের লাশ পাওয়া গেছে, সেখানে তিনি একাই থাকতেন। ঘটনাস্থলে গিয়ে রএকটি নোট উদ্ধার করা হয়। সেখানে লেখা ছিল, 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। '

তার লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।