সুনামগঞ্জের তাহিরপুরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত নুরুল আমিন (৬০) ওই ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে। তার অপর তিন ভাই নুরুল হক (৭০),শাহ আলম(৫০) ও শাহজাহান (৫৫)।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তাহিরপুর থানার পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম।
তিনি জানান, দীর্ঘদিন ধরে বাবার সম্পত্তির ভাগ না দেয়া নিয়ে ঝগড়া লেগেই থাকত। একাধিক বার বিচার শালিস হলেও কোনো সমাধান হয়নি। কিছু দিন পূর্বে বোরো জমিন নষ্ট করে। আজ সকাল ৮টায় নিজ বাড়িতে সম্পত্তির বিষয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে নিহতের আপন অপর তিন ভাই নুরুল হক, শাহ আলম ও শাহজাহান তাদের ছেলে-মেয়েরা মিলে লাঠি দিয়ে পিটিয়ে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় পরিবারের সদস্য বাধা দিলেও থামাতে পারেনি।
তিনি আরো বলেন, নুরুল আমিনকে মাটিতে ফেলে রাখে পরে পরিবার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা যান। তার শরীরে কোনো ক্ষত বা আঘাত ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্ত রির্পোট ছাড়া এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, বৃহস্পতিবার পৈতৃক সম্পতির পারিবারিক কলহের কারণে সকাল ৮টায় নিহতের ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এশার নামাজের পর রাত সাড়ে ৮টায় নিজ গ্রামে জানাজা নামাজ শেষে গ্রামের কবর স্থানে দাফন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযানও চলছে। এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ হয়নি।



