গাজীপুরে নিখোঁজের তিন দিন পর রেশমা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে সদর উপজেলার জয়দেবপুর থানার ভাওয়াল মির্জাপুরের পূর্ব ডগরী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রেশমা আক্তার (১৪) রংপুরের শ্যামপুর কলেজপাড়া এলাকার ইসমাইল হোসেনের মেয়ে এবং রংপুরের শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

ইসমাইল হোসেন জানান, মির্জাপুরের পূর্ব ডগরী এলাকায় ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করেন তিনি ও তার স্ত্রী রঞ্জিলা বেগম। তাদের মেয়ে রেশমা গ্রামের বাড়িতে দাদা-দাদির কাছে থাকতেন। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষে ডিসেম্বরে গাজীপুরে বেড়াতে আসে রেশমা। মা-বাবার কাছে থাকতে না পারায় মানসিক অস্থিরতায় ভুগছিলেন রেশমা। এ নিয়ে তাদের সাথে একাধিকবার মনোমালিন্য হয় তার।

তিনি আরো জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে নিখোঁজ হয় রেশমা। স্বজনরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। নিখোঁজের তিন দিন পর শুক্রবার সকালে তার লাশ বাসার পাশের একটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহতাব উদ্দিন জানান, দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে মেয়েটি সাঁতার জানতো না বলে জানিয়েছে তার স্বজনেরা। আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।