কুয়াকাটার আলীপুরে সাত কেজি গাঁজা ও নগদ ৩১ হাজার ৯০০ টাকাসহ শানু গাজী (৪৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা থেকে অভিযান চালিয়ে রাত ৯টার দিকে মহিপুর থানা পুলিশ আলীপুরের থ্রি পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার শানু গাজী আলীপুরের বাসিন্দা ইউসুফ গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মহিপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার আবুল খায়েরের নেতৃত্বে এএসআই বাইজিদ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালান। অভিযান চলাকালে আলীপুরের থ্রি পয়েন্ট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার রান্না ঘরের মাটি খুঁড়ে ড্রাম ভর্তি সাত কেজি গাঁজাসহ আলমারি থেকে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৯০০ টাকা উদ্ধার করে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, গ্রেফতার শানু গাজী একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি অনেক বছর যাবত মাদক কারবারের সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।



