বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা মানায় না। আওয়ামী লীগ মার্কা গণতন্ত্র জনগণ চায় না। তারা গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার হরণ করেছে, সেজন্য দেশ-বিদেশের শুভাকাক্সক্ষীরা বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকারের বিষয়ে সোচ্চার হয়ে উঠেছে। তিনি শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাটে শহীদ জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা জাসাস আয়োজিত আলোচনা, দোয়া ও দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারদিন রহমান তালহার সঞ্চালনায় পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, সদস্য মফিজ মফিজ উদ্দিন,আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, আলমগীর আলম বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি যদি ষড়যন্ত্র হয়ে থাকে, তবে ১৯৯৬ সালে কোনো ষড়যন্ত্রে আওয়ামী লীগ নেতারা তত্ত্বাবধায়কের দাবিতে জ্বালাও-পোড়াও করেছিলেন? নিজেরা তত্ত্বাবধায়ক দাবি করলে আন্দোলন, বিএনপি দাবি করলে ষড়যন্ত্র-এই দ্বিমুখী নীতি আওয়ামী লীগের সুবিধাবাদী রাজনীতি বহিঃপ্রকাশ। বস্তুত ষড়যন্ত্র, চক্রান্ত করে জনগণের ম্যান্ডেট ছাড়াই নিষ্ঠুর দমন নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে চায় আওয়ামী লীগ। এ জন্যই তারা নিজেদের ষড়যন্ত্র আড়াল করতে বিএনপির আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যায়িত করতে চায়।



