পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষ্মীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ জানুয়ারি) ২২০ জন অসহায় ও গরীব মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রকে আর্থিক সাহায্য প্রদান, মাদরাসা নির্মাণের জন্য টিন প্রদান, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য পাঠ্যপুস্তক এবং একটি অসহায় পরিবারের ঘর নির্মাণের জন্য আর্থিক অনুদান প্রদান করেন লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এ এইচ এম জুবায়ের, পিএসসি, জি।

এ সময় জোন কমান্ডার বলেন, শান্তি-সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে লক্ষ্মীছড়ি জোন সর্বদা নানামুখী উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও একইভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকবে। এ সময় জোনের উপ-অধিনায়কসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।