নীলফামারীর সৈয়দপুরে মোবাইল না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে তাসফিয়া জান্নাত তিথি (১৭) নামের এক কলেজছাত্রী। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের চাঁদনগর বেলী রোড এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যা করে সে।

মৃত তিথি শহরের শেরে বাংলা সড়কের তানসিন ইলেকট্রনিক দোকানের মালিক টি এম মাসুম আহমেদের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত তিথি এবার এসএসসি পাশ করে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। কয়েক দিন ধরে সে মা-বাবার কাছে একটি এনড্রোয়েড মোবাইল ফোন কিনে দিতে বলছে। কিন্তু পরিবার তা কিনে না দেয়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাগারাগী করে না খেয়েই ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে।

সারারাত কেউ আর তা খোঁজ নেয়নি। সকালে ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। তারপরও পরিবারের কেউ তেমন গুরুত্ব দেয়নি। পরে বেলা ২টার দিকে দরজায় আঘাত করেও কোনো উত্তর না মেলায় সবার সন্দেহ হয়। তখন দরজার সিটকিনি ভাঙলে তার ঝুলন্ত লাশ দেখা যায়।

খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো তার লাশ নামায়। ধারণা করা হচ্ছে, রাতের প্রথম প্রহরেই মেয়েটি আত্মহত্যা করেছে। সুরতহাল তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করেছে। আর এ নিয়ে পরিবারের বা অন্য কারো অভিযোগ নেই। তাই মেয়েটির বাবার মুচলেকা নিয়ে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।