মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মহিলা গ্রাম পুলিশসহ আরো একজনের বসতঘর। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোরে উপজেলার ধুম ইউনিয়নের নাহেরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন ওই গ্রামের হেমেন্দ্র মহাজন বাড়ির হেমেন্দ্র কুমার নাথের ছেলে শ্যামল চন্দ্র নাথ ও ধুম ইউনিয়ন পরিষদের মহিলা গ্রাম পুলিশ বিনা রানী দেবী।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে ধুম ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে তাদের দুই ভাই-বোনের নগদ এক লাখ ৫০ হাজার টাকা, স্বর্ণ, ফ্রিজ ও আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, সাথে সাথে বিষয়টি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছি। চেয়ারম্যান সাহেব তাৎক্ষণিক তাদেরকে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা দিয়েছেন। এ সময় তিনি আরো সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ‘রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনের সূত্রপাত ঘটে। আমরা গিয়ে তিনটি গ্যাস সিলিন্ডারের আগুন নিভিয়ে পুকুরে ফেলে দিয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত করা হচ্ছে।’