ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে দগ্ধ হয়ে অশীতিপর রাবিয়া বেগম (৯৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাত ৩টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধা ওই গ্রামের মৃত ফকির আলী মোল্ল্যার স্ত্রী।
স্থানীয়রা জানায়, ঘটনার রাতে ওই বৃদ্ধা একাই ঘরে ঘুমিয়েছিলেন। গভীর রাতে তার ঘরে আগুন ধরে যায়। আগুনে টিনের বেড়া দিয়ে তৈরি দুই রুমের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে আশপাশের সবাই টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
স্থানীয় ইউপি মেম্বার ইশারত আলী মণ্ডল বলেন, ঘটনার রাতে বৃদ্ধা একাই ঘরে ছিলেন। তবে কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না। আমরা টের পেয়ে গিয়ে দেখি ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। একই সাথে বৃদ্ধা রাবিয়া বেগমও পুড়ে মারা গেছেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, ৯৯৯ এ ফোনে আমাদের সহযোগিতা চাওয়া হয়। ফোন পেয়ে সেখানে পৌঁছে আগুনে দগ্ধ লাশটি উদ্ধার করি। তবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা, মালিয়াট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম খাঁ।
কালীগঞ্জে ঘরে আগুন লেগে পুড়ে বৃদ্ধার মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে দগ্ধ হয়ে অশীতিপর রাবিয়া বেগম (৯৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাত ৩টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামে...



